হরমুজে ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন
ইরানের হাতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানুষবিহীন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোয়েন্দা অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আটক করা ডুবোজাহাজটি পানির নিচে ব্যবহারের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট সাবমেরিন। এটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল বলে দাবি করেছে ইরান।
ইরানি বাহিনী জানিয়েছে, শিগগিরই আটক করা সাবমেরিনটির ছবি প্রকাশ করা হবে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষবিহীন এই ডুবোজাহাজটির প্রধান সক্ষমতার মধ্যে রয়েছে পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পর্যবেক্ষণ।
আইআরজিসির দাবি, এটি অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত এবং সমুদ্র অঞ্চলে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহে সক্ষম।
ইরানের এই দাবির পর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, এক দিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরিচালিত একটি আন্ডারওয়াটার ড্রোন বিকল হয়েছিল।
মার্কিন কর্মকর্তার দাবি, ড্রোনটি আঞ্চলিক জলসীমায় একটি চলমান অভিযানের সহায়তায় জরিপ কার্যক্রম পরিচালনা করছিল। এটি পুরোনো মডেলের ছিল এবং এতে কোনো সংবেদনশীল তথ্য, গোপন সোনার বা রাডার সরঞ্জাম ছিল না।
তবে ইরান যে ড্রোন আটক করেছে, সেটি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা যে ড্রোনের কথা বলেছেন—দুটি একই কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইরান যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রেখেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা রয়েছে। ইরানের পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রও দেশটির বন্দরগুলোতে পালটা অবরোধ আরোপ করেছে বলে জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের ইরানি দাবি নতুন করে দুই দেশের সামরিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
