আন্তর্জাতিক মাতৃভাষা পদকে বড় সুযোগ, আবেদনে এলো নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা পদকে বড় সুযোগ, আবেদনে এলো নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর আবেদন ও প্রস্তাব পাঠানোর সময়সীমা বাড়িয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর আবেদন ও প্রস্তাব পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে। অনিবার্য পরিস্থিতিতে আগের নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন ও প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই)।

২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৬ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর জন্য আবেদন ও প্রস্তাব পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। সংশোধিত বিজ্ঞপ্তিতে সেই সময়সীমা এক মাস বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৭-এর জাতীয় ও আন্তর্জাতিক—দুই পর্যায়ে আবেদন ও প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। জাতীয় পর্যায়ে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান ও সংস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে আবেদন বা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে বিশেষ অবদান, মাতৃভাষাচর্চায় উল্লেখযোগ্য অবদান, মাতৃভাষা নিয়ে গবেষণা এবং মাতৃভাষা সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারে বিশেষ অবদানকে পদক পাওয়ার যোগ্যতার মধ্যে রাখা হয়েছে।

এ ছাড়া বিশ্বে মাতৃভাষা ও বিদেশি ভাষার প্রচার ও প্রসারে বিশেষ অবদান, মাতৃভাষায় রচিত সাহিত্যকর্ম বা অন্যান্য বিষয়ের মৌলিক গ্রন্থ বিদেশি ভাষায় অনুবাদ এবং বিদেশি ভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ের গ্রন্থ বাংলায় অনুবাদের ক্ষেত্রেও বিশেষ অবদান বিবেচনায় নেওয়া হবে।

পদকের মান সম্পর্কেও বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের চার হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।

আবেদনকারী বা প্রস্তাবদাতাকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন বা প্রস্তাবের তিন কপি যথাযথভাবে পূরণ করে অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বরাবর ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে। একই সঙ্গে নির্ধারিত ই-মেইল ঠিকানায় আবেদন বা প্রস্তাবের সফট কপি পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

আবেদন বা প্রস্তাবে ভুল, অসম্পূর্ণ বা অস্পষ্ট তথ্য দেওয়া হলে কিংবা প্রয়োজনীয় সনদ ও প্রমাণপত্র সংযুক্ত না থাকলে তা বাতিল হতে পারে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কোনো শ্রেণিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওয়া না গেলে সংশ্লিষ্ট বছরে পদক প্রদান স্থগিত রাখার বিধান রয়েছে। সম্ভাব্য পদকপ্রাপকের ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মতৎপরতা এবং বিশেষ ক্ষেত্রে তাঁর বা প্রতিষ্ঠানের সামগ্রিক অবদানও বিবেচনায় নেওয়া হবে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এখন ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর জন্য আবেদন বা প্রস্তাব জমা দেওয়ার সুযোগ পাবেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page