মরক্কো থেকে সার আমদানিতে বড় অনুমোদন, আসছে ৪০ হাজার টন ডিএপি

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
মরক্কো থেকে সার আমদানিতে বড় অনুমোদন, আসছে ৪০ হাজার টন ডিএপি

মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ের চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ঐচ্ছিক পঞ্চম লটে এসব সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই সার আমদানি করবে। আমদানির অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ডিএপি সার আমদানি করে বিএডিসি। আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ার পর গত ২৫ জুন নতুন করে চুক্তিটি নবায়ন করা হয়।

নবায়িত চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে ঐচ্ছিক পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি আমদানির প্রস্তাব করা হয়। এতে প্রতি মেট্রিক টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬৬ মার্কিন ডলার।

সব মিলিয়ে ৪০ হাজার মেট্রিক টন সারের মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪২৭ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা।

চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণের সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ১০ শতাংশ সার আমদানির সুযোগ রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ৪০ হাজার মেট্রিক টনের অতিরিক্ত সারও আমদানি করা যেতে পারে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে মোট ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এরই মধ্যে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে।

কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের কৃষি ভর্তুকি কর্মসূচির আওতায় বিভিন্ন দেশ থেকে সরকারি পর্যায়ে সার আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মরক্কো থেকে নতুন করে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হলো।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page