গোবিন্দর সঙ্গে বিচ্ছেদ নয়? বড় সিদ্ধান্ত নিলেন স্ত্রী সুনীতা

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
গোবিন্দর সঙ্গে বিচ্ছেদ নয়? বড় সিদ্ধান্ত নিলেন স্ত্রী সুনীতা

গোবিন্দর বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন স্ত্রী সুনীতা আহুজা।

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে চলমান আলোচনায় নতুন মোড় এসেছে। ২০২৪ সালের ডিসেম্বরে স্বামীর বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ ডিসেম্বর হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে বান্দ্রা ফ্যামিলি কোর্টে গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। সেই আবেদনে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। তবে আবেদন করার পর মামলাটি নিয়ে পরবর্তী সময়ে তেমন কোনো আইনি অগ্রগতি হয়নি।

সম্প্রতি গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, সুনীতা এবার আনুষ্ঠানিকভাবে সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর ভাষ্য, আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হলেও সেটির ওপর আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সুনীতা নিজেই আইনিভাবে মামলাটি ফিরিয়ে নিয়েছেন।

শশী সিনহার এই বক্তব্যের পর গোবিন্দ ও সুনীতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁরা দাম্পত্য সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। গোবিন্দর ম্যানেজারের ভাষ্য, অভিনেতা নিজে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন।

সাম্প্রতিক সময়ে গোবিন্দ ও সুনীতাকে ঘিরে বিভিন্ন মন্তব্য-পাল্টা মন্তব্যও আলোচনায় এসেছে। শশী সিনহা এই পরিস্থিতিকে ‘নোংরা’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিষয়টি নিয়ে নানা ধরনের কথা হলেও গোবিন্দর পেশাগত অবস্থান বা তারকাখ্যাতিতে এর প্রভাব পড়েনি।

এর আগে বুধবার ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় সুনীতাকে। আদালত থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের প্রশ্নের মুখোমুখি হলেও সেখানে যাওয়ার কারণ স্পষ্ট করেননি তিনি। বরং রসিকতা করে বলেছিলেন, ‘জন্মদিন উদ্‌যাপন করতে এসেছি।’

সুনীতার আদালতে যাওয়ার ঘটনা এমন সময় সামনে আসে, যখন গোবিন্দর সঙ্গে তাঁর দাম্পত্যজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছিল। সম্প্রতি গোবিন্দর সঙ্গে অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের কিছু ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীতা। স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। একই সঙ্গে মেয়ের বয়সের কাছাকাছি এক নারীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন।

সুনীতার এসব মন্তব্যের পর ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান গোবিন্দ। প্রকাশ্যে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে স্ত্রীকে সতর্ক করেন তিনি। একই সঙ্গে পডকাস্টে গিয়ে তাঁকে অপমান করার অভিযোগও তোলেন অভিনেতা। এ নিয়ে দুজনের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়।

তবে এবার বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে মোড় নিয়েছে। গোবিন্দর ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, সামনে দুজনের জন্য শান্তির সময় আসবে—এমন প্রত্যাশা রয়েছে।

গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালের মার্চে। দীর্ঘ দাম্পত্যজীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘদিনের এই সম্পর্কের নানা ওঠানামার মধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের খবরটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে দাম্পত্য সম্পর্কের বিষয়ে গোবিন্দ ও সুনীতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা এখনো আসেনি।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page