ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড এক করে নতুন ‘অ্যালুমিনাম ওএস’ আনছে গুগল

প্রকাশিত: 19-05-2026 11:53 AM
ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড এক করে নতুন ‘অ্যালুমিনাম ওএস’ আনছে গুগল

ডেস্কটপ কম্পিউটারের বাজারে দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের উইন্ডোজ এবং অ্যাপলের ম্যাকওএসের আধিপত্য। স্মার্টফোনের জগতে অ্যান্ড্রয়েডের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত কম্পিউটারে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি গুগল। তবে সেই পরিস্থিতি বদলাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একীভূত করে সম্পূর্ণ নতুন ডেস্কটপ–নির্ভর অপারেটিং সিস্টেম তৈরির কাজ করছে গুগল, যার সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘অ্যালুমিনাম ওএস’।

আরও পড়ুন-বাংলাদেশে আকিজ ইলেকট্রিক বাইকের নতুন দাম প্রকাশ

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট Android Authority–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল এখনো আনুষ্ঠানিকভাবে নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা না দিলেও বিভিন্ন সূত্রে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটে গুগলের দেওয়া বক্তব্য নতুন এই প্রকল্প নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

সেই অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিষ্ঠান Google জানিয়েছিল, তারা Qualcomm–এর সঙ্গে যৌথভাবে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে। এই প্ল্যাটফর্মে মোবাইল ও ডেস্কটপ কম্পিউটিং একসঙ্গে কাজ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হবে এর মূল চালিকাশক্তি।

বিশ্লেষকদের মতে, গুগলের লক্ষ্য হলো এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করা, যা স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের অভিজ্ঞতাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে। বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলকেন্দ্রিক এবং ক্রোমওএস মূলত ক্রোমবুক ডিভাইসে ব্যবহৃত হয়। এই দুই প্ল্যাটফর্ম একীভূত হলে ব্যবহারকারীরা আরও সমন্বিত ও শক্তিশালী কম্পিউটিং অভিজ্ঞতা পেতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তাইওয়ানের তাইপে শহরে গুগলের একটি চাকরির বিজ্ঞাপন থেকেই প্রথম ‘অ্যালুমিনাম ওএস’ নামটি সামনে আসে। ওই বিজ্ঞাপনে অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেমে কাজ করার জন্য কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে ল্যাপটপ, ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের কম্পিউটিং ডিভাইস নিয়ে কাজ করার বিষয়ও উল্লেখ ছিল।

যদিও কিছুদিন পর বিজ্ঞাপনটি সরিয়ে ফেলে গুগল, তবে ততক্ষণে প্রযুক্তিবিশ্বে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অনেকে মনে করছেন, গুগল এখনো প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য প্রস্তুত নয় বলেই তথ্য গোপন রাখার চেষ্টা করছে।

এদিকে গত সপ্তাহে অনুষ্ঠিত ‘দ্য অ্যান্ড্রয়েড শো’ অনুষ্ঠানেও গুগল পরোক্ষভাবে নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেমের ইঙ্গিত দিয়েছে বলে দাবি প্রযুক্তি বিশ্লেষকদের। তাদের মতে, গুগল ভবিষ্যতের এআই–নির্ভর কম্পিউটিং অভিজ্ঞতাকে কেন্দ্র করেই নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, নতুন অপারেটিং সিস্টেমটি প্রথমে ‘গুগলবুক’ নামের নতুন ধরনের ল্যাপটপে ব্যবহার করা হতে পারে। এতে অ্যান্ড্রয়েড অ্যাপ, ক্লাউডভিত্তিক কাজ এবং এআই ফিচার আরও সহজভাবে ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন, যদি গুগল সত্যিই ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একীভূত করতে পারে, তাহলে তা ডেস্কটপ কম্পিউটিং বাজারে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এআই–কেন্দ্রিক নতুন অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

এখন প্রযুক্তিপ্রেমীদের নজর ১৯ মে অনুষ্ঠিতব্য Google I/O সম্মেলনের দিকে। ধারণা করা হচ্ছে, সেখানেই গুগল আনুষ্ঠানিকভাবে ‘অ্যালুমিনাম ওএস’ নিয়ে বড় কোনো ঘোষণা দিতে পারে।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন- এক চার্জে ৪১০ কিমি চলবে, ৩০ মিনিটে ফুল চার্জ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now