আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ ১৫ মে বিক্রি হচ্ছে ২৫ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
আরও পড়ুনঃ- ঈদের ট্রেন টিকিটে বড় প্রতারণা, সতর্ক করল রেলওয়ে
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীদের স্টেশনে ভিড় না করে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকেই টিকিট সংগ্রহ করতে হবে।
এর আগে গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে ঈদ উপলক্ষে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ধাপে ধাপে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে।
রেলওয়ের সূচি অনুযায়ী—
- ২৪ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৪ মে
- ২৫ মে’র টিকিট বিক্রি হচ্ছে আজ ১৫ মে
- ২৬ মে’র টিকিট পাওয়া যাবে ১৬ মে
- ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেন টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একটি আইডি ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য হবে না।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকেও বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে ট্রেনের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাই যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইন প্ল্যাটফর্মে লগইন করে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে রেলওয়ে।
📌 সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে
আরও পড়ুনঃ- ঈদুল আজহায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে









