এক ঘণ্টার নাটকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পারিশ্রমিক, আ খ ম হাসান

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
এক ঘণ্টার নাটকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পারিশ্রমিক, আ খ ম হাসান

অভিনয়ের পারিশ্রমিক, ক্যারিয়ার ও ওটিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন আ খ ম হাসান।

অভিনয় করে ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি করেছেন বলে জানিয়েছেন অভিনেতা আ খ ম হাসান। তাঁর দাবি, বর্তমানে জনপ্রিয় শিল্পীদের এক ঘণ্টার নাটকে এক বা দুই দিনের কাজের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়। তবে শিল্পীর জনপ্রিয়তা ও নাটকের ভিউয়ের ওপর ভিত্তি করে পারিশ্রমিকের পরিমাণ নির্ধারিত হয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘দ্য আরজে কিবরিয়া শো’-তে অতিথি হয়ে নিজের ক্যারিয়ার, অভিনয় পেশার পরিবর্তিত বাস্তবতা এবং ওটিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন আ খ ম হাসান।

অভিনয় থেকে নিজের আর্থিক সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় করেই ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি করেছেন। তাঁর সমসাময়িক অনেক শিল্পীও অভিনয়কে পেশা হিসেবে নিয়ে স্বাবলম্বী হয়েছেন এবং সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াচ্ছেন।

অভিনয় পেশা নিয়ে একসময় সমাজে নেতিবাচক ধারণা থাকলেও পরিস্থিতি এখন অনেক বদলে গেছে বলে মনে করেন এই অভিনেতা। তাঁর ভাষায়, আগে পরিবারের বয়োজ্যেষ্ঠরা অভিনয়কে ভালো চোখে দেখতেন না। তবে সময়ের সঙ্গে অভিনয় এখন একটি প্রতিষ্ঠিত পেশায় পরিণত হয়েছে।

আ খ ম হাসান মনে করেন, সময়ের সঙ্গে অভিনয়ের ক্ষেত্রও অনেক বিস্তৃত হয়েছে। মঞ্চ ও টেলিভিশনের পর ইউটিউব হয়ে এখন ওটিটিতেও নিয়মিত কাজের সুযোগ তৈরি হয়েছে। নতুন এই মাধ্যমে কাজের অভিজ্ঞতাও উপভোগ করছেন তিনি।

ওটিটিতে কাজের ধরন সম্পর্কে অভিনেতা বলেন, বর্তমানে অনেক তরুণ নির্মাতা এই মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন। প্রযুক্তি ও নির্মাণশৈলী সম্পর্কে তাঁদের ভালো ধারণা রয়েছে। পাশাপাশি ওটিটির কাজের বাজেট তুলনামূলক বেশি হওয়ায় প্রতিটি দৃশ্য পরিকল্পনা করে নির্মাণের সুযোগ থাকে। তবে কাজের পরিশ্রমও বেশি বলে জানান তিনি।

ক্যারিয়ারের ২৩ বছর পার করেও ব্যস্ততা কমেনি, বরং দিন দিন বাড়ছে বলে জানান আ খ ম হাসান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘লাইফলাইন’কে নিজের অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখছেন আ খ ম হাসান। এতদিন পরিচালক ও প্রযোজকেরা তাঁকে যে ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত ছিলেন, মূলত সেসব চরিত্রেই অভিনয়ের প্রস্তাব পেতেন বলে জানান তিনি। ফলে নিজের পছন্দ অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার সুযোগ খুব বেশি ছিল না।

তবে ‘লাইফলাইন’ সেই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন অভিনেতা। তাঁর ভাষায়, এই কাজের মাধ্যমে তাঁর অভিনয়জীবনে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু হতেও পারে।

নতুন প্রজন্মের দর্শকদের উদ্দেশে তিনি ‘লাইফলাইন’ দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, গল্প ও চরিত্রের ভিন্নতার কারণে ওয়েব ফিল্মটি তাদের দেখা উচিত।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page