লোডশেডিং কমাতে সৌরবিদ্যুতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার
লোডশেডিং কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশে তীব্র জ্বালানি সংকটের কারণে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ ঘাটতি কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি সরকারের মেয়াদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনার বড় অংশজুড়ে রয়েছে রুফটপ সোলার। অর্থাৎ বাসাবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ দিতে নেট মিটারিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’-এর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শুধু রুফটপ সোলার থেকেই ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো স্থানীয় পর্যায়ে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করবে। এসব প্রতিষ্ঠান সৌর প্যানেল স্থাপন, বিনিয়োগ, কারিগরি সহায়তা, গ্রাহকসেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ খাত সম্প্রসারণে কর ও শুল্ক সুবিধা, স্বল্পসুদে ঋণ এবং স্টার্ট-আপ ফান্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ্য বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন, দক্ষ জনবল, মানসম্মত সরঞ্জাম, বিদ্যুতের মূল্য নির্ধারণ ও নীতিমালার স্পষ্টতা এবং তদারকি ব্যবস্থা।
বিশেষজ্ঞদের মতে, বিপুলসংখ্যক ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। সহজ শর্তে ঋণ সুবিধা না পেলে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহী নাও হতে পারে।
এ ছাড়া সৌর প্যানেল, ইনভার্টারসহ অন্যান্য যন্ত্রপাতির মান নিশ্চিত করা জরুরি। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তাদের মতে, প্রশিক্ষিত টেকনিশিয়ান তৈরি করাও গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল না থাকলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়বে।
সরকারের প্রত্যাশা, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি আমদানির ব্যয় কমবে, জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
