বগুড়ার শেরপুরে মির্জাপুরে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি আটক
বগুড়ার শেরপুরে মির্জাপুরের গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার শেরপুরে মির্জাপুরের একটি জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ৫ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২৭ আগস্ট মধ্যরাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় একটি ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন—মাজেম মণ্ডল (৪২), শহিদুল মণ্ডল (৫৭), নূরনবী (৩৩), সামছুল মণ্ডল (৪০), শফিউল ইসলাম (৩৮), ইসলাম প্রামাণিক (২৭), নাছির উদ্দিন (৩৫), প্রভাত চন্দ্র ঘোষ (৩৮), আব্দুর রাজ্জাক (৩২) ও সাব্বির আহম্মেদ (৩২)। তাঁরা সবাই শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে টাকার বিনিময়ে জুয়ার আসর বসছিল। ২৭ আগস্ট রাতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে টহল পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, ১০ জন জুয়াড়িসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুয়াড়িদের বিরুদ্ধে শেরপুর থানায় জুয়া প্রতিরোধ আইন, ১৯৩৬-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
