৫০০ বছরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি ক্ষতিগ্রস্ত, উঠল তদন্তের দাবি

প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
৫০০ বছরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি ক্ষতিগ্রস্ত, উঠল তদন্তের দাবি

শুটিং শেষে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতারা। তাঁদের অভিযোগ, শুটিংয়ের জন্য সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছিল। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় ভবনটির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।

সংবাদ সম্মেলনে শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। সম্প্রতি একটি শুটিংয়ের জন্য স্থাপনাটি কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, শুটিং শেষে অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক ভবনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

শাহেদ কায়েসের মতে, দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নসম্পদ হিসেবে বড় সরদার বাড়ির ক্ষতির বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ভবনটির কোনো অংশের ক্ষতি হলে তা ভবিষ্যতে অপূরণীয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংগঠনটির নেতারা বলেন, ঐতিহাসিক স্থাপনাটি দ্রুত সংস্কার করা না হলে ভবনের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত চিহ্নিত করে বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তাঁরা ঘটনার দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে বড় সরদার বাড়িকে আগের নকশায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি এড়াতে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তাঁদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page