মহালছড়ির দুর্গম পাহাড়ে ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
মহালছড়ির দুর্গম পাহাড়ে ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ

নিহত নিকা ত্রিপুরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কার্বারী পাড়ায় নিকা ত্রিপুরা (৩০) নামে এক ত্রিপুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ভারি বৃষ্টির রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে নগদ ৭ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নিহতের আট বছরের কন্যা শিখা ত্রিপুরা পাশের গ্রামে নানীর বাড়িতে অবস্থান করছিল। পরদিন সকালে বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সে বিদ্যালয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘরে গিয়ে নিকা ত্রিপুরার নিথর দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

স্থানীয় কার্বারী (গ্রামপ্রধান) থোয়াইং অংগ্য মারমা জানান, পার্শ্ববর্তী থলিপাড়া গ্রামের খোকন ত্রিপুরা নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিহত নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় গুঞ্জন ছিল। তার দাবি, ঘটনার দিন ভোরে খোকন নিহতের ঘরে প্রবেশ করে ব্যবহৃত মোবাইল ফোনের কল হিস্ট্রি মুছে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেলে সে দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রবল বর্ষণের সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নিকাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করেছে। মরদেহের ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সব অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page