স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

প্রকাশিত: 09-06-2026 5:03 AM
স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে

দেশের নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) প্রদান কার্যক্রম শুরু হয়েছিল প্রায় এক দশক আগে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে স্মার্ট কার্ড প্রকল্পের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

আরও পড়ুন-১৬ বছরেই এনআইডি মিলবে ভোটাধিকার থাকবে ১৮ তে

ইসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্মার্ট কার্ডের বিকল্প হিসেবে ‘ekid’ নামে একটি নতুন জাতীয় পরিচয় ব্যবস্থা নিয়ে প্রাথমিক পর্যায়ের একটি ধারণাপত্র তৈরি করেছেন। এতে চিপভিত্তিক কার্ডের পরিবর্তে ক্লাউডভিত্তিক ডিজিটাল আইডি কিংবা স্মার্টফোনভিত্তিক ডাইনামিক ভেরিফিকেশন ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রগুলোর দাবি, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রতিটি নাগরিকের জন্য স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণ ব্যয়বহুল হয়ে উঠেছে। অন্যদিকে স্মার্ট কার্ড চালুর সময় যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ একটি পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা নিশ্চিত করা, সেটিও এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

নতুন প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পরিচয় ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশের ডিজিটাল পরিচয়ব্যবস্থার সুবিধা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে একটি আধুনিক ও ব্যয়-সাশ্রয়ী ব্যবস্থা চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি এখনো পুরো ব্যবস্থাটি বোঝার চেষ্টা করছেন এবং ভবিষ্যতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমান আইডিইএ (স্মার্ট কার্ড) প্রকল্পের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত রয়েছে। এরপর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্মার্ট কার্ডের কার্যকারিতা নিয়েও আলোচনা রয়েছে। কারণ কার্ডে উন্নতমানের মাইক্রোচিপ থাকলেও সেই চিপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় রিডার অবকাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। এ বিষয়ে ইসি সচিব স্বীকার করে বলেন, চিপে প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকলেও রিডারের অভাব একটি বাস্তবতা।

বর্তমানে স্মার্ট এনআইডি কার্ডে নাগরিকের মৌলিক পরিচয় তথ্য সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে ব্যাংকিং সেবা, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নিবন্ধন, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি সেবা একীভূত করার পরিকল্পনা থাকলেও তা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ কোটি ৬৭ লাখের বেশি স্মার্ট কার্ড তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৭ কোটি ৩০ লাখ কার্ড নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে এখনো এক কোটির বেশি কার্ড বিতরণ বাকি রয়েছে। দেশের ৫২২ উপজেলার মধ্যে ৪০৪ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পুরোপুরি ডিজিটাল বা মোবাইলভিত্তিক পরিচয় ব্যবস্থা চালু করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সেবাপ্রাপ্তিতে সমস্যায় পড়তে পারে। তাই নতুন কোনো ব্যবস্থা চালুর আগে প্রযুক্তিগত সক্ষমতা, নাগরিকদের ডিজিটাল সাক্ষরতা এবং অবকাঠামোগত প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ফলে স্মার্ট কার্ড প্রকল্প চালু থাকবে নাকি ভবিষ্যতে ‘ekid’ নামে নতুন কোনো ডিজিটাল পরিচয়ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হবে।

সূত্র-ঢাকা মেইল

আরও পড়ুন-এনআইডিতে যুক্ত হচ্ছে পিতা-মাতার ইংরেজি নাম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, মোবাইল, গ্যাজেটসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now