মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামাল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্ত বসতভিটার ধ্বংসস্তূপ সরেজমিনে পরিদর্শন করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমীনা আফরোজ ভূঁইয়া।

সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতভিটার ধ্বংসস্তূপ ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি সহমর্মিতা ও সান্ত্বনা প্রকাশ করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নীতিমালা ও বিদ্যমান বরাদ্দ অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ তিন বান টিন এবং ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি বান টিনের বিপরীতে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা দেওয়া সম্ভব। তবে অগ্নিকাণ্ডে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতির তুলনায় এ সরকারি সহায়তা অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় প্রতিনিধি ও উপস্থিত ব্যক্তিরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি নির্ধারিত সহায়তার বাইরে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য অতিরিক্ত সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে আলোচনা করা হবে। পরিবারটিকে কীভাবে আরও বড় পরিসরে পুনর্বাসন করা যায় এবং অতিরিক্ত কোনো অনুদান বা সহায়তার ব্যবস্থা করা সম্ভব কি না, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঘটনাস্থলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্থানীয়দেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page