বিয়ে করলেই সরকার দিচ্ছে ৫ লাখ টাকা, রয়েছে যেসব শর্ত

আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
বিয়ে করলেই সরকার দিচ্ছে ৫ লাখ টাকা, রয়েছে যেসব শর্ত

বিয়ে করলেই সরকার দিচ্ছে ৫ লাখ টাকা, রয়েছে যেসব শর্ত

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য কমিয়ে সামাজিক সম্প্রীতি বাড়াতে আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করছে ভারত সরকার। এ উদ্যোগের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী দম্পতিদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্প’-এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। আগে এই প্রকল্পে অনুদানের পরিমাণ ছিল ২ লাখ ৫০ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

তবে শুধু ভিন্ন জাতির মধ্যে বিয়ে করলেই এই অর্থ পাওয়া যাবে না। প্রকল্পের সুবিধা পেতে হলে দম্পতিকে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, অনুদানের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে সরাসরি জমা দেওয়া হয়। বাকি অর্থ নির্দিষ্ট মেয়াদের আমানত হিসেবে রাখা হয়। ফলে বিয়ের পরপরই পুরো টাকা হাতে পাওয়ার সুযোগ থাকে না।

এই সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হলো, দম্পতির একজনকে সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের হতে হবে। অন্যজনকে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির হতে হবে।

এ ছাড়া বিয়েটি অবশ্যই আইনগতভাবে নিবন্ধিত হতে হবে। শুধু সামাজিক বা ধর্মীয় রীতিতে বিয়ে করলে এ সুবিধার জন্য আবেদন করা যাবে না। বিয়েটি ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অথবা বিশেষ বিবাহ আইনের আওতায় নিবন্ধিত হতে হবে।

প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, এটি স্বামী-স্ত্রী উভয়ের প্রথম বিয়ে হতে হবে। এর আগে কারও বিয়ে হয়ে থাকলে এই আর্থিক সহায়তার আওতায় আসার সুযোগ থাকবে না।

আবেদনের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

ভারত সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক বৃদ্ধি করা এবং জাতিভিত্তিক বৈষম্য কমিয়ে সামাজিক ঐক্য তৈরি করা।

সূত্র: সংবাদ প্রতিদিন

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page