ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন, আয়ের নিয়মে পরিবর্তন
নতুন নিয়মে ইউটিউব থেকে আয় করতে বাড়ছে শর্ত
কনটেন্ট নির্মাতাদের জন্য মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বিশ্বের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে আগের তুলনায় বেশি ওয়াচটাইম ও ভিউ অর্জন করতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় চালু করতে গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে। পাশাপাশি বিকল্প হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি শর্টস ভিডিও ভিউয়ের শর্ত পূরণ করতে হবে।
বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে বিজ্ঞাপন আয় চালুর জন্য প্রয়োজন ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। নতুন নিয়মে ওয়াচটাইম ও শর্টস ভিউয়ের এই সীমা দ্বিগুণ করা হচ্ছে। তবে চ্যানেলের ন্যূনতম ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকবে।
শুধু নতুন নির্মাতারাই নয়, আগে থেকে মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ওপরও নতুন নিয়মের প্রভাব পড়বে। বিশেষ করে শর্টস থেকে নিয়মিত আয় চালু রাখতে নির্মাতাদের গত ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে।
কোনো চ্যানেলের শর্টস ভিডিওর ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে সাময়িকভাবে শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে এতে পুরো চ্যানেলের মনিটাইজেশন বাতিল হবে না। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ভিউ অর্জন করতে পারলে শর্টসের আয় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
ইউটিউব জানিয়েছে, ২০১৮ সালের পর মনিটাইজেশন নীতিমালায় এটি সবচেয়ে বড় পরিবর্তন। মূলত প্ল্যাটফর্মে শর্টস ভিডিওর জনপ্রিয়তা দ্রুত বাড়ার কারণেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার কোটি শর্টস ভিডিও দেখা হলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে ২০ হাজার কোটির বেশি হয়েছে। ফলে নিয়মিত বড় পরিসরে শর্টস থেকে আয় করা নির্মাতাদের ওপর পরিবর্তনের প্রভাব তুলনামূলক কম পড়বে বলে ধারণা করা হচ্ছে।
তবে ছোট নির্মাতাদের জন্য কিছু সুবিধাও রাখা হয়েছে। ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ অর্জন করলে প্রাথমিক স্তরের মনিটাইজেশন সুবিধা পাওয়া যাবে।
এই পর্যায়ে সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করা যাবে না। তবে ইউটিউব শপিং, ফ্যান ফান্ডিং এবং ব্র্যান্ড সহযোগিতার মতো কিছু সুবিধা ব্যবহার করা যাবে।
এদিকে নির্মাতাদের আয় বাড়াতে ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ নিয়েও নতুন পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। এই সেবার গ্রাহকদের সাবস্ক্রিপশন থেকে পাওয়া নিট আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পূর্ণাঙ্গ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে নির্মাতাদের জন্য বরাদ্দ থাকে ৩০ শতাংশ।
দর্শকরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ওপর ভিত্তি করে এই অর্থ বণ্টন করা হবে বলে জানিয়েছে ইউটিউব।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
