বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন নেত্রকোনার পূর্বধলার কৃতি সন্তান মানছুরা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোনার পূর্বধলার কৃতি সন্তান ও রাজপথের সক্রিয় নেত্রী মানছুরা আক্তার।
তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক পরিচয়
মানছুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। বর্তমানে তিনি পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকায় বসবাস করছেন।
দলীয় মনোনয়ন প্রক্রিয়া
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখান থেকেই পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা মানছুরা আক্তার দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি অবিচল আনুগত্য বিবেচনায় তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যান্য মনোনীত নেত্রী
এ তালিকায় আরও রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খানসহ অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রীরা।
এলাকায় আনন্দ-উচ্ছ্বাস
মনোনয়ন ঘোষণার পর পূর্বধলা ও নেত্রকোনা জেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ধলামূলগাঁও ইউনিয়ন ও পূর্বধলা সদরে মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তরুণ ও মেধাবী এই নেতৃত্ব জাতীয় সংসদে এলাকার মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিক্রিয়া
মনোনয়ন পাওয়ার পর মানছুরা আক্তার বলেন,
“এই অর্জন রাজপথের সকল লড়াকু ছাত্রকর্মীদের। আমি আজীবন দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
Array