৪ বিভাগে বৃষ্টি, যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
৪ বিভাগে বৃষ্টি, যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের চার বিভাগে কিছু কিছু জায়গায় এবং আরও তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

ঢাকায় শনিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page