তরুণদের ভাগ্য বদলে রায়পুর ইউএনও’র নতুন মাস্টারপ্ল্যান

প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
তরুণদের ভাগ্য বদলে রায়পুর ইউএনও’র নতুন মাস্টারপ্ল্যান

রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারীরা।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং)’ বিষয়ক বিশেষ অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নির্বাচিত ১০টি ব্যাচের মোট ২৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং তরুণদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।

তিনি বলেন, রায়পুরের যুবসমাজ যেন ঘরে বসেই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে রায়পুরকে একটি দক্ষ ও আত্মনির্ভরশীল জনপদে রূপান্তরের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়ের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এনএসডিএ সার্টিফাইড (লেভেল-৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও টপ-রেটেড ফ্রিল্যান্সার মো. সোলাইমান শেখ নিশান।

তিনি সেমিনারে অংশ নেওয়া তরুণদের ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কৌশল, অনলাইন মার্কেটপ্লেসে কাজের পদ্ধতি এবং ফ্রিল্যান্সিং খাতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলে যুবসমাজ নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ রায়পুরের তরুণদের বেকারত্ব কমাতে সহায়তা করবে এবং তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page