আজীবন শিক্ষাসেবার স্বীকৃতি, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজে দুই প্রবীণ শিক্ষককে বিদায় সংবর্ধনা
অবসর উপলক্ষে দুই প্রবীণ শিক্ষককে সম্মাননা জানানো হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দুই প্রবীণ শিক্ষককে অবসর উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন চৌধুরী (শফিক) এবং ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক।
সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন প্রতিষ্ঠানের প্রবীণ সহকারী শিক্ষক আলহাজ সাইফুর রহমান এবং প্রবীণ সহকারী শিক্ষক মো. তৈবুর আলী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁদের নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরে বক্তারা বলেন, তাঁদের হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষা বিস্তারে তাঁদের অবদান স্থানীয় মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
