এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নতুন নিয়ম, অনলাইনে আবেদন করতে হবে যেভাবে

প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নতুন নিয়ম, অনলাইনে আবেদন করতে হবে যেভাবে

এসএসসি ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা চ্যালেঞ্জ করতে পারবেন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অসন্তুষ্ট পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) সুযোগ দেওয়া হয়েছে। এবার ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। নতুন পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদন করতে হবে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

আবেদনকারীদের পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। এরপর শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখে যেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে পারবেন।

প্রতিটি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

তবে ফি জমা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে নির্বাচন করা বিষয় বাতিল করে নতুন বিষয় যুক্ত করা যাবে। কিন্তু একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page