চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্য

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্য

চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ঢাকার শেরাটন হোটেলে এ বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন (Yao Wen) এবং ম্যাডাম লি ইউ (Li Yu)-এর বিশেষ আমন্ত্রণে মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। আন্তর্জাতিক ও কূটনৈতিক পরিসরের এ আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও কূটনৈতিক ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্য আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের বাইরে চীনের ঐতিহ্যবাহী স্থাপত্য, বুলেট ট্রেন, মহাকাশযান এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন নিদর্শন সম্বলিত একটি বিশেষ ব্যাকড্রপ পরিদর্শন করেন।

চীনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির দীর্ঘ ৭৭ বছরের ইতিহাস, প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে চীনের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বিত চিত্রও অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত ছিল। ‘Admission by Invitation Only’ হিসেবে আয়োজিত এই আন্তর্জাতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন।

মাভাবিপ্রবি উপাচার্যের এ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যোগাযোগ ও সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষের শিক্ষা ও গবেষণা সহযোগিতা নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব তাৎপর্যপূর্ণ।

এর আগে চীনের দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং মাভাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন। ওই সফরে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি চীনা ভাষা কোর্স চালু এবং মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথাও উঠে আসে।

চীনের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মাভাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণকে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক যোগাযোগ ও বাংলাদেশ-চীন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page