র্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী দিনে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৮ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাব ফোর্সেসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ন্যূনতম বল প্রয়োগ নিশ্চিত করা, মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের উদ্যোগ।
তিনি জানান, র্যাব সদস্যদের জন্য জঙ্গল সলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবর্তনশীল অপরাধ পরিস্থিতি বিবেচনায় আধুনিক কৌশল গ্রহণ, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দ্রুত র্যাব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কিছু ব্যক্তির বেআইনি কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক নয়। প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় র্যাবকে আরও আধুনিক ও বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীর নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে র্যাব প্রতিষ্ঠা করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পরবর্তীতে কিছু সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ওঠে, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং স্বাগত বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array