বৃষ্টির প্রভাবে শতকের ঘরে সবজির দাম, কাঁচা মরিচের দামে রেকর্ড
বর্ষার প্রভাবে সবজির বাজারে দাম বেড়েছে
টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। বেশির ভাগ সবজি এখন বিক্রি হচ্ছে শতক বা তার কাছাকাছি দামে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে।
মাত্র দুই সপ্তাহ আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা বেড়ে তিনশ টাকার ওপরে উঠেছে।
পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত মরিচ আসছে না। ফলে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে।
ধুপখোলা বাজারে বাজার করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৃষ্টির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন কি না, তা তদারকি করা প্রয়োজন।
রাজধানীর বাজারগুলোতে অন্যান্য সবজির দামও বেড়েছে। প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। লম্বা বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। করলা, বরবটি ও কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
এ ছাড়া কচুর লতি প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, ধুন্দুল, ঝিঙ্গে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত উঠেছে।
তবে বর্ষার বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীরা জানান, পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম দুই সপ্তাহ আগের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সরবরাহ সংকটের পাশাপাশি কার্যকর নজরদারির অভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তারা বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
