প্রাইভেট টিউশন ‘মহামারি’, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা জানালেন প্রতিমন্ত্রী

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
প্রাইভেট টিউশন ‘মহামারি’, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা জানালেন প্রতিমন্ত্রী

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে

দেশে প্রাইভেট টিউশনের প্রবণতা বেড়ে ‘মহামারি’ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্তানের প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক দেওয়ার যে সামাজিক মানসিকতা তৈরি হয়েছে, তা পরিবর্তন প্রয়োজন বলেও জানান তিনি।

রোববার (৯ আগস্ট ২০২৬) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তার দুই কন্যার জন্যও প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক রয়েছে। তবে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও প্রাইভেট টিউশনের প্রবণতা রয়েছে। তবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষেই প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা গেলে অতিরিক্ত নির্ভরতা কমানো সম্ভব।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন কিছু উদ্যোগের কথাও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শিশুদের খেলাধুলার মাধ্যমে বিজ্ঞান শেখাতে প্রাথমিক পর্যায়ের পাঠ্যক্রমে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিজ্ঞান বিষয়ে ধারণা নিতে পারবে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব ল্যাবে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের মৌলিক বিষয় যেমন—আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সহজভাবে শেখানো হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়বে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page