পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। অনুষ্ঠানের শুরুতে পানছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ রশিদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর নুরুল করিম, চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় উন্নয়ন ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page