মিডওয়াইফ নিয়োগে নতুন উদ্যোগ, পিএসসিতে গেল প্রস্তাব

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
মিডওয়াইফ নিয়োগে নতুন উদ্যোগ, পিএসসিতে গেল প্রস্তাব

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা মিডওয়াইফের পদ পূরণে নতুন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ১০ম গ্রেডের এসব পদে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পিএসসিতে পাঠানো হয়। চিঠিতে মিডওয়াইফ পদে নতুন নিয়োগের জন্য মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের গত ১৪ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে মিডওয়াইফের ১০ম গ্রেডের ১ হাজার ১৫টি পদ শূন্য রয়েছে।

শূন্য পদগুলোর মধ্যে ১০ শতাংশ সংরক্ষণের পর অবশিষ্ট ৯১৪টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পরবর্তী সময়ে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এখন পিএসসির পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে নিয়োগের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় বিদ্যমান জনবল সংকট কিছুটা কমতে পারে। বিশেষ করে গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন সেবা এবং প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মিডওয়াইফের এসব পদে নিয়োগ সম্পন্ন হলে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাদানের সক্ষমতা বাড়ার পাশাপাশি মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে জনবল ঘাটতি মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page