হাম ও উপসর্গে ৯১৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬১

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
হাম ও উপসর্গে ৯১৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬১

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর পর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট ৯১৮ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৯ শিশুর শরীরে। আর হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২ শিশু। সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১ শিশু।

এই সময়ে ৯০৩ শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ শিশুর শরীরে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গসহ বিভিন্ন কারণে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে হাম জটিল আকার ধারণ করলে নিউমোনিয়া, পানিশূন্যতা কিংবা অন্যান্য গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে নেওয়া জরুরি। একই সঙ্গে রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকাদানের বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page