পানছড়ি, প্রফুল্ল কারবারী পাড়া, সৌরচালিত পানির পাম্প

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
পানছড়ি, প্রফুল্ল কারবারী পাড়া, সৌরচালিত পানির পাম্প

পানছড়ির প্রফুল্ল কারবারী পাড়ায় নতুন স্কুল ভবন ও সৌরচালিত পানির পাম্প হস্তান্তর।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম প্রফুল্ল কারবারী পাড়ায় শিক্ষা ও সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়টি পুনর্নির্মাণের পাশাপাশি স্থানীয়দের জন্য স্থাপন করা হয়েছে সৌরশক্তিচালিত পানির পাম্প ও পাইপলাইন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় প্রফুল্ল কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং সৌরচালিত পানির পাম্প স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

হস্তান্তর অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পানছড়ির ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাশেমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছিল। ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল। পরে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে বিদ্যালয় ভবনটি নতুন করে নির্মাণ করা হয়।

নতুন ভবন পেয়ে শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্রীমতি ত্রিপুরা জানায়, আগে বিদ্যালয়টি ভাঙাচোরা থাকায় তাদের সমস্যায় পড়তে হতো। নতুন ভবন হওয়ায় এখন আনন্দের সঙ্গে ক্লাস করতে পারছে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চাকমা বলেন, পুরোনো ভবনে শিক্ষার্থীদের নিয়ে সবসময় চিন্তায় থাকতে হতো। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা এখন নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।

এদিকে, বিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পানির সমস্যাও সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। প্রফুল্লপাড়ার দুটি এলাকার প্রায় ৪৫টি পরিবারের জন্য স্থাপন করা হয়েছে সৌরচালিত পানির পাম্প। পাম্পের মাধ্যমে পাইপলাইনে পানি সরবরাহের পাশাপাশি সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে পানির ট্যাংক।

স্থানীয় ইউপি সদস্য শান্তি জীবন ত্রিপুরা বলেন, আগে পানি সংগ্রহের জন্য নারী ও পরিবারের সদস্যদের দুর্গম পথ পাড়ি দিতে হতো। সৌরচালিত পাম্প স্থাপনের পর সেই দুর্ভোগ অনেকটাই কমেছে।

৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাশেম বলেন, দীর্ঘদিনের পানির সংকটের মধ্যে ৪৫টি পরিবার এখন সহজে সুপেয় পানি পাচ্ছে। তিনি সেনাবাহিনীর এ উদ্যোগকে জনকল্যাণমূলক কাজ হিসেবে উল্লেখ করেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ ও যোগাযোগসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page