নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় চলবে না: ববি হাজ্জাজ

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় চলবে না: ববি হাজ্জাজ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিবন্ধন নীতি চালুর উদ্যোগ

নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে এবং নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকেও কঠোর নজরদারির আওতায় আনা হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স রুমে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ওপর যথাযথভাবে নজরদারি করা হয়নি। অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন থাকলেও সেগুলো নিয়মিত তদারকির আওতায় আনা হয়নি। এমনকি কার্যকর মনিটরিং নীতিমালাও ছিল না।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন থেকে নিবন্ধন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হবে। নিবন্ধন ছাড়া কোনো বিদ্যালয় পরিচালনার সুযোগ থাকবে না। পাশাপাশি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, ব্যবস্থাপনা ও মান নিয়েও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page