বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাইয়ে মাঠে খাগড়াছড়ি পৌরসভা, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবেন সহযোগিতা

শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাইয়ে মাঠে খাগড়াছড়ি পৌরসভা, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবেন সহযোগিতা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবেদন যাচাইয়ে সরেজমিনে তদন্ত করছে খাগড়াছড়ি পৌরসভা।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় পাহাড় ধস এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। পাহাড় ধসে অনেক বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে, অন্যদিকে নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এ অবস্থায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে খাগড়াছড়ি পৌরসভায় আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তারা শহরের শালবন জিয়ানগর এলাকায় সরেজমিনে গিয়ে আবেদনকারীদের ক্ষয়ক্ষতির তদন্ত করেন।

তদন্তকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার সহকারী কর আদায়কারী উম্মে জনম। তাঁর সঙ্গে ছিলেন পৌরসভার স্টাফ মো. সাকিল ও মো. সজিব।

এ সময় উম্মে জনম এসআইবি নিউজকে বলেন, “সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। আমরা সরেজমিনে এসে তাদের প্রকৃত অবস্থা যাচাই করছি। যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অবশ্যই পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে পাহাড় ধসের কারণে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিচু এলাকায় পানি প্রবেশ করায় অনেক পরিবারকে সাময়িকভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান।

পৌরসভা সূত্রে জানা গেছে, আবেদনকারীদের তথ্য যাচাই শেষে ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী পুনর্বাসন ও সহায়তা প্রদানের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাম্প্রতিক ভারী বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও জলাবদ্ধতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page