যশোর বোর্ডে ১১ প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি, কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
যশোর বোর্ডে ১১ প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি, কারণ দর্শানোর নোটিশ

যশোর বোর্ডে ১১ প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীরা তুলনামূলক ভালো ফল করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বড় অংশও বিজ্ঞান বিভাগের।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। তবে মানবিক বিভাগের ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—৮৫ হাজার ২৩৮ জন। কিন্তু পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ড সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, এসব প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে একাডেমিক দুর্বলতা বা শিক্ষকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

ফলাফল বিশ্লেষণ করে বোর্ড সচিব বলেন, যশোর বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ ভালো করলেও মানবিক বিভাগের ফলাফল উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নই বোর্ডের প্রধান লক্ষ্য।

এদিকে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জাতীয় গড়ের তুলনায় যশোর শিক্ষা বোর্ডের ফলাফল ভালো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page