অনেক বছর পর বাংলাদেশের বাজারে একসঙ্গে একাধিক নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে। রাজধানীর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি মোট ১৩টি নতুন ডিভাইস বাজারে আনার ঘোষণা দেয়। নতুন পণ্যের তালিকায় রয়েছে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ল্যাপটপ, ওয়্যারলেস অডিও ডিভাইসসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিপণ্য।
আরও পড়ুন-নতুন যাত্রা শুরু হুয়াওয়ের, একসঙ্গে কী কী পণ্য নিয়ে আসছে দেখুন
প্রযুক্তিপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিল হুয়াওয়ের নতুন ভাঁজ করা স্মার্টফোন ‘মেট এক্স ৭’। প্রিমিয়াম এই ডিভাইসটি ভাঁজ খোলা অবস্থায় বড় পর্দায় কাজ করার সুবিধা দেয়, যা একদিকে স্মার্টফোন আবার অন্যদিকে ছোট আকারের ট্যাবলেটের অভিজ্ঞতা দিতে সক্ষম। বাংলাদেশি বাজারে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।
অনুষ্ঠানে হুয়াওয়ে আরও কয়েকটি নতুন স্মার্টফোনের ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে ‘মেট ৮০ প্রো’, ‘নোভা ১৫ ম্যাক্স’ এবং ‘নোভা ওয়াই ৭৪’। নতুন মডেলগুলোর দাম যথাক্রমে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং ২৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন বাজেট ও ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় এসব স্মার্টফোন বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে ‘নোভা ১৫ ম্যাক্স’ ইতোমধ্যেই প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং আধুনিক ডিসপ্লের কারণে মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ডিভাইসটি শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুধু স্মার্টফোন নয়, নতুন পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের ট্যাবলেট, স্মার্টওয়াচ, ল্যাপটপ এবং ওয়্যারলেস অডিও ডিভাইসও রয়েছে। হুয়াওয়ে বলছে, বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যেই তারা এসব পণ্য বাজারে আনছে।
একসময় স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান থাকলেও বিভিন্ন বৈশ্বিক সীমাবদ্ধতার কারণে হুয়াওয়ের ডিভাইসে গুগল সেবার ব্যবহার নিয়ে অনেক ব্যবহারকারীর মধ্যে দ্বিধা ছিল। তবে এবার সেই বিষয়েও আশার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবহারকারীরা চাইলে AppGallery থেকে GBox অ্যাপ ইনস্টল করে গুগলের বিভিন্ন জনপ্রিয় সেবা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপসসহ বিভিন্ন পরিচিত অ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে, যা সম্ভাব্য ক্রেতাদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তি বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর একসঙ্গে এতগুলো নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় হুয়াওয়ে। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস এবং স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে প্রতিযোগিতা বাড়াতে প্রতিষ্ঠানটি নতুন কৌশল নিয়ে এগোচ্ছে।
বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মধ্যে প্রতিযোগিতা তীব্র। এর মধ্যেই নতুন ফোল্ডেবল ফোন, ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইস নিয়ে হুয়াওয়ের এই প্রত্যাবর্তন প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন এসব ডিভাইস বাজারে কতটা সাড়া ফেলতে পারে।
আরও পড়ুন-বাংলাদেশে হুয়াওয়ের লুনা ২০০০ সোলার এনার্জি স্টোরেজ শিল্প খাতে নতুন সমাধান









