‘রিপ্লাই টু অল’ ভুল ঠেকাতে জিমেইলে আসছে নতুন সতর্কবার্তা
ভুল ই-মেইল পাঠানো ঠেকাতে নতুন সুবিধা আনল জিমেইল
ই-মেইলের উত্তর দেওয়ার সময় ভুল করে ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করে গোপন তথ্য অন্যদের কাছে চলে যাওয়ার ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে জিমেইল। বিশেষ করে ‘বিসিসি’ (ব্লাইন্ড কার্বন কপি) হিসেবে পাওয়া ই-মেইলের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক করবে গুগলের ই-মেইল সেবা।
নতুন সুবিধার আওতায় কোনো ব্যবহারকারী বিসিসি হিসেবে পাওয়া ই-মেইলের উত্তর দিতে গিয়ে ‘রিপ্লাই টু অল’ অপশন নির্বাচন করলে জিমেইল সতর্কবার্তা দেখাবে। ই-মেইল লেখার পর্দার ওপরে হলুদ রঙের ব্যানারে এই সতর্কবার্তা দেখা যাবে।
এর ফলে বার্তা পাঠানোর আগে ব্যবহারকারী নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ পাবেন। নতুন সুবিধাটি চালু করতে আলাদা করে কোনো সেটিংস পরিবর্তনের প্রয়োজন হবে না। জিমেইলের হালনাগাদ ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য এটি পর্যায়ক্রমে স্বয়ংক্রিয়ভাবে চালু করা হচ্ছে।
বিসিসি সুবিধার মাধ্যমে কোনো ই-মেইল নির্দিষ্ট ব্যক্তির কাছে পাঠানো হলেও অন্য প্রাপকেরা ওই ব্যক্তির পরিচয় জানতে পারেন না। তবে ভুলবশত ‘রিপ্লাই টু অল’ নির্বাচন করলে সেই গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছেও পৌঁছে যেতে পারে।
গুগল জানিয়েছে, নতুন সতর্কবার্তা ব্যবহারকারীদের এমন ভুলের ঝুঁকি কমাতে সহায়তা করবে।
সম্প্রতি জিমেইলে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধার মাধ্যমে ই-মেইল ব্যবস্থাপনা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
জিমেইলে এখন এআইনির্ভর ইনবক্স সুবিধা ব্যবহার করে গুরুত্বপূর্ণ ই-মেইল দ্রুত খুঁজে বের করা এবং বার্তাগুলো আরও কার্যকরভাবে সাজিয়ে রাখা যাচ্ছে। পাশাপাশি ক্যালেন্ডার ব্যবস্থাপনার সঙ্গেও জিমেইলের সমন্বয় বাড়ানো হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এ ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার ভবিষ্যতে আরও বাড়তে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
