দুধ দিয়ে গোসল করা কি জায়েজ? ইসলাম কী বলে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ? ইসলাম কী বলে

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ? ইসলাম কী বলে

বিপদ-আপদ থেকে মুক্তি, অশুভ প্রভাব দূর করা কিংবা অতীতের ভুল-ত্রুটি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় অনেকেই নানা ধরনের লোকাচার ও কুসংস্কারে জড়িয়ে পড়েন। আমাদের সমাজে এমন একটি প্রচলিত ধারণা হলো, কোনো বড় ভুল বা অমঙ্গলের পর দুধ দিয়ে গোসল করলে সেই প্রভাব দূর হয়। তবে ইসলামের দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস ও আমলের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আলেমরা।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের (মিরপুর-১২) সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী বলেন, পাপ বা ভুল থেকে মুক্তির জন্য ইসলাম তাওবার শিক্ষা দিয়েছে। কিন্তু দুধ দিয়ে গোসল করে ভুল বা গোনাহ থেকে মুক্তি পাওয়ার ধারণা শরিয়তসম্মত নয়।

তিনি বলেন, দুধ আল্লাহ তাআলার একটি মূল্যবান নেয়ামত। এটি মানুষের খাদ্য ও পানীয় হিসেবে ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে। দুধ দিয়ে গোসল করার ফলে তা খাদ্য হিসেবে ব্যবহার করা যায় না, ফলে এটি অপচয়ের শামিল হয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “হে আদমসন্তান, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।” (সুরা আরাফ : ৩১)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই যারা অপচয় করে, তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।” (সুরা বনি ইসরাইল : ২৭)

আলেমদের মতে, এসব আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে, খাদ্যোপযোগী ও মূল্যবান কোনো সম্পদ অকারণে নষ্ট করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। দুধ দিয়ে গোসল করার মাধ্যমে দুধের প্রকৃত ব্যবহার হয় না; বরং তা অপচয়ের মধ্যে পড়ে।

ধর্মীয় বিশেষজ্ঞরা আরও বলেন, দুধ দিয়ে গোসল করলে অতীতের গোনাহ মাফ হয়ে যায়, দুর্ভাগ্য দূর হয় বা অশুভ প্রভাব কেটে যায়—এমন বিশ্বাসও ইসলামের আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ পাপ থেকে মুক্তির জন্য ইসলাম তাওবা, ইস্তিগফার ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “প্রত্যেক আদমসন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা, যারা তাওবা করে।” (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯৯)

আলেমরা মনে করেন, কোনো ধরনের কুসংস্কার বা ভিত্তিহীন বিশ্বাসের পরিবর্তে কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করাই একজন মুসলমানের কর্তব্য। তাই দুধ দিয়ে গোসল করে পাপ মোচন বা অমঙ্গল দূর করার ধারণা পরিহার করে আন্তরিক তাওবা ও সৎ আমলের দিকে মনোযোগ দেওয়া উচিত।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page