দেশে ডেঙ্গু পরিস্থিতি, আরও ১ মৃত্যু চলতি বছরে প্রাণহানি ৩৯

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
দেশে ডেঙ্গু পরিস্থিতি, আরও ১ মৃত্যু চলতি বছরে প্রাণহানি ৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫০ জন রোগী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭৭ জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১০ হাজার ৯১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৩ জন নারী এবং ১৬ জন পুরুষ।

অঞ্চলভিত্তিক মৃত্যুর হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে  ১ জন, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বর্ষাকালে মশাবাহিত এই রোগ থেকে সুরক্ষিত থাকতে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page