আজ থেকে সারাদেশে কলেরা টিকার কার্যক্রম শুরু, জানুন সময়সূচি, নিয়ম ও বয়স

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
আজ থেকে সারাদেশে কলেরা টিকার কার্যক্রম শুরু, জানুন সময়সূচি, নিয়ম ও বয়স

দেশজুড়ে দুই ডোজের কলেরা টিকাদান কর্মসূচি শুরু

কলেরা প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই কর্মসূচির আওতায় ১ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে কলেরার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষা পেতে নির্ধারিত সময়ে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে।

তবে গর্ভবতী নারীরা এই টিকাদান কর্মসূচির আওতাভুক্ত থাকবেন না।

৫১ লাখের বেশি মানুষ পাবেন টিকা

সরকারের লক্ষ্য অনুযায়ী, সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে কলেরার টিকার আওতায় আনা হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এই কর্মসূচি চলবে।

কলেরা নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বান

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় কলেরায় গ্রামের পর গ্রাম ক্ষতিগ্রস্ত হতো। বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় টিকাদান কর্মসূচির মতো কলেরার এই বিশেষ ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

কলেরা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণের কারণে কলেরা হয়। মুখে খাওয়ার এই টিকা রোগ প্রতিরোধে সহায়তা করে এবং আক্রান্ত হলে রোগের তীব্রতা কমাতে ভূমিকা রাখতে পারে।

তবে শুধু টিকা গ্রহণ করলেই হবে না, পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলেরার টিকাদান কর্মসূচিও সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page