বুধবার ব্যাংক বন্ধ, যেসব সেবা মিলবে আর যেগুলো বন্ধ থাকবে
১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে।
অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে আগামী বুধবার (১ জুলাই) দেশের সব তফশিলি ব্যাংকে পালিত হবে ‘ব্যাংক হলিডে’। এদিন গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধু অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ করা হবে। কোনো গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব সমাপনী (Half-Year Closing) উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।
ব্যাংক হলিডের কারণে বুধবার কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট (ডিডি), পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের জন্য এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবায় সাময়িক প্রভাব পড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এই দুই দিনে গ্রাহক লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
