বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৫ কোটি টাকার আইস জব্দ

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৫ কোটি টাকার আইস জব্দ

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল ও গুলি জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে। এ সময় বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়।

প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে একপর্যায়ে বিজিবির টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্রের পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পলাতক দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, মাদক ও মোটরসাইকেল নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page