আটপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Netrobangla24 Desk
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
আটপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর অন্তর মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অন্তর মিয়া উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি অন্তর মিয়ার বলে শনাক্ত করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই ফেরদৌস মিয়া জানান, অন্তর মাঝে মধ্যেই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতেন এবং কয়েকদিন পর আবার ফিরে আসতেন। তবে রোববার রাতের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন