রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
রামপালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জামাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ মা-বাবার

রামপালে অর্পিতা বিশ্বাস নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজীডাঙ্গা গ্রামে অর্পিতা বিশ্বাস (২১) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক দুপুর ১২টার দিকে গাজীডাঙ্গা গ্রামের নিজ ঘরের বাথরুমের ভেতর অর্পিতা বিশ্বাসকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও নিহতের মা-বাবার দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের মা হাসি বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমার জামাই সবুজ নেশাগ্রস্ত এবং ঘরে চুরির সাথে যুক্ত। সম্প্রতি সে আমাদের বাড়ি থেকে সাড়ে তিন ভরির বেশি সোনা ও টাকাপয়সা চুরি করে। বিষয়টি অর্পিতা টের পেয়ে যায় এবং আমাদের কাছে সব সত্য বলতে চেয়েছিল। তাই তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাথরুমের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।”

নিহতের বাবা বির্জন বিশ্বাস বলেন, “আমার জামাই সবুজই আমার মেয়েকে মেরে ফেলেছে। স্বর্ণালঙ্কার চুরি কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page