বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

অক্টোবরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে ভারি বৃষ্টিপাত হলে দেশের কয়েকটি অঞ্চলে নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি এক মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে ভারি বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সমতল সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।

ফলে অক্টোবরজুড়ে একদিকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া চললেও বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং আঞ্চলিকভাবে নদীর পানি বৃদ্ধির বিষয়েও নজর রাখার প্রয়োজন রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page