ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির ফলক বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় উন্মোচন করেন তিনি।

ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন। পরে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি। প্রকল্পটির আওতায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকার বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমানো এবং পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের কাজ করা হবে।

এর আগে ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির উদ্বোধনকে কেন্দ্র করে ফেনীতে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের আয়োজন করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানিয়েছিলেন, ১ অক্টোবর সকালে সড়কপথে তিনি পরশুরামের উদ্দেশে ঢাকা ছাড়েন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page