জ্বালানি তেলের পর এবার বৃদ্ধি পেয়েছে ডাবের দামও

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
জ্বালানি তেলের পর এবার বৃদ্ধি পেয়েছে ডাবের দামও

জ্বালানি তেলের পর এবার বেড়েছে ডাবের দাম

তীব্র গরমে স্বস্তি পেতে ডাবের পানির চাহিদা বেড়েছে। আর এই বাড়তি চাহিদার সুযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বেড়ে গেছে ডাবের দামও। উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় ছোট আকারের একটি ডাব কিনতে এখন ১০০ থেকে ১২০ টাকা এবং বড় আকারের ডাবের জন্য গুনতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এতে প্রয়োজনের কারণে ডাব কিনতে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে রাস্তার পাশে, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাব বিক্রি বেড়েছে। পথচারী থেকে শুরু করে অসুস্থ স্বজনের জন্য হাসপাতালে যাওয়া মানুষ—অনেকেই ডাব কিনছেন। তবে দাম শুনে অনেক ক্রেতাকেই হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, একটি ডাবে সাধারণত ৩০০ থেকে ৫০০ মিলিলিটার পর্যন্ত পানি পাওয়া গেলেও সেটির জন্য ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে মাঝারি ও বড় আকারের ডাবের দাম তুলনামূলক বেশি। গরমের কারণে শরীরে পানির ঘাটতি পূরণে ডাবের চাহিদা বেড়েছে—এমন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বিক্রেতা অতিরিক্ত দাম নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।

তবে খুচরা বিক্রেতারা বলছেন, শুধু বাড়তি চাহিদার কারণে ডাবের দাম বাড়েনি। পাইকারি বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে ডাব কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া তাদের তেমন কোনো সুযোগ থাকছে না।

ব্রাহ্মণপাড়ার হাজী মার্কেটের সামনে ডাব বিক্রি করেন এরশাদ মিয়া। তিনি বলেন, পাইকারি বাজারেই এখন ডাবের দাম বেশি। এর সঙ্গে গাড়ি ভাড়াও বেড়েছে। সব খরচ বাদ দিয়ে দিন শেষে খুব বেশি লাভ থাকে না। তাছাড়া ডেঙ্গুসহ বিভিন্ন অসুস্থতার কারণে ডাবের চাহিদাও বেড়েছে।

এরশাদ মিয়ার দাবি, ব্রাহ্মণপাড়ার বাজারে যে দামে ডাব বিক্রি হচ্ছে, তা জেলা সদরের তুলনায় এখনও কম। সেখানে কোনো কোনো ক্ষেত্রে একটি ডাবের দাম ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে তিনি জানান। একই সঙ্গে এখন ডাবের ভরা মৌসুম নয় বলেও দাম কিছুটা বেশি বলে উল্লেখ করেন তিনি। মৌসুম শুরু হলে দাম কমে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন এই বিক্রেতা।

খুচরা বিক্রেতাদের এই যুক্তিতে অবশ্য সন্তুষ্ট নন সাধারণ ক্রেতারা। হাসপাতালে ভর্তি এক স্বজনের জন্য ডাব কিনতে আসা আমীর আলী বলেন, মাঝারি আকারের একটি ডাবের দাম ১৫০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ছোট ডাবও ১০০ থেকে ১২০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে মানুষের প্রয়োজন বেড়ে যাওয়ার সুযোগে কেউ কেউ অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বাজারে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসা-যাওয়া করেন। বিশেষ করে হাজী মার্কেটের সামনে পথচারী ও ক্রেতাদের ভিড় থাকে। গরমের সময় অনেকেই তৃষ্ণা মেটাতে ডাব কিনতে চাইলেও দাম বেশি হওয়ায় অনেকে তা কিনতে পারছেন না।

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণপাড়ার বাজারে মূলত চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল থেকে ডাব আসে। গত দুই সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি হাজার ডাবের দাম ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে তারা দাবি করেছেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে দূরপাল্লার পরিবহন ব্যয় এবং অন্যান্য খরচ। এসব কারণে খুচরা পর্যায়েও দাম বাড়ছে বলে তাদের বক্তব্য।

ডাবের দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অসুস্থ রোগী ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বজনদের ওপর। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বা রোগীর প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ডাব কিনতে হচ্ছে। ফলে বেশি দাম হলেও প্রয়োজন মেটাতে ডাব কিনছেন তারা।

অন্যদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, ডাবের দাম বাড়ার পেছনে পাইকারি বাজারের প্রকৃত মূল্যবৃদ্ধি কতটা এবং খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বাজারে নিয়মিত তদারকি থাকলে অস্বাভাবিক মূল্য নেওয়ার প্রবণতা কমানো সম্ভব হতে পারে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে এবং ডাবের মৌসুম শুরু হলে দাম কিছুটা কমে আসতে পারে। তবে বর্তমানে বাড়তি চাহিদার সঙ্গে পাইকারি দাম ও পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় বাজারে ডাবের দাম বেশি রয়েছে।

তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন পানীয় ও ফলজাত পণ্যের চাহিদা বাড়াটাই স্বাভাবিক। কিন্তু সেই বাড়তি চাহিদার কারণে ডাবের মতো প্রয়োজনীয় পানীয়ের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাই স্থানীয় ক্রেতারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ডাবের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে প্রয়োজনীয় তদারকির দাবি জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page