ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার
সিফাতের মামলা নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করার ঘটনায় গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি সিফাতের ব্যবহৃত ভাষার সমালোচনা করলেও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নেই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’
তিনি আরও বলেন, যারা গ্রেপ্তারের বিরোধিতা করছেন তাদের অনেকের মন্তব্যেও গালাগাল দেখা যাচ্ছে। তার মতে, বিষয়টি নির্ভর করছে গালি কাকে দেওয়া হচ্ছে তার ওপর।
তাসনিম জারা বলেন, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু ক্ষমতার বাইরে থাকা কাউকে গালি দিলে সেটি গ্রহণযোগ্য মনে করা হচ্ছে—এমন একটি দ্বৈত মানদণ্ড তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না—এমন একটি তালিকা করে দেওয়া হোক।’
তাসনিম জারা তার পোস্টে সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের যেসব ধারা মতপ্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেগুলো সংশোধনের আহ্বান জানান।
এর আগে, বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সিফাত আব্দুল্লাহ একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
