তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান হবে: ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান হবে: ওয়াদুদ ভূঁইয়া

বক্তব্য রাখছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেখানে বৃক্ষচারা রোপণ করা হয়।

কলাবাগান এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আগামী তিন মাসের মধ্যে খাগড়াছড়িসহ দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের সময়ের লুটপাট ও অনিয়মের কারণে দেশের বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করে। জনগণের পাশে থেকে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিশেষ বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির সমাপ্তি করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page