চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশে ফিরেও চলবে চিকিৎসা
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার পরও তাকে নিয়মিত থেরাপির মধ্যে থাকতে হবে।
তিনি বলেন, মির্জা আব্বাস দেশে ফেরার জন্য বেশ আগ্রহী ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি দেশে ফেরার কথা বলে আসছিলেন। চিকিৎসকরা সব পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।
মার্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসকদের পরামর্শে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে এতদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
সূত্র: আরটিভি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
