শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়, বহাল মৃত্যুদণ্ড

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়, বহাল মৃত্যুদণ্ড

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে বিচারিক আদালতে দেওয়া হিটু শেখের মৃত্যুদণ্ডই বহাল থাকল।

এর আগে ২০২৫ সালের ১৭ মে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই মামলায় অভিযুক্ত আরও তিনজনকে খালাস দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান আসামি করা হয়।

মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ হয়। ২০২৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

মাত্র ১৩ কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছিল। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর আইন অনুযায়ী মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হিটু শেখও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ৩১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে রায় ঘোষণা করে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখলেন উচ্চ আদালত।

এর মধ্য দিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় উচ্চ আদালতের ধাপের রায় হলো। এখন আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page