অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ

মার্তিনেজের অভিষেকে ৩ গোল!

অ্যাস্টন ভিলা থেকে ৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দলের জার্সিতে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে নতুন ক্লাবের হয়ে তার অভিষেকটা সুখকর হয়নি। ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচেই তিন গোল হজম করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তবুও শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি।

রোববার (৩০ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক চেলসি। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন ও ডিফেন্ডার মাতস উইফারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন রোমিও লাভিয়া। ২০২৩ সালে সাউদাম্পটন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটিই ছিল তার প্রথম গোল।

এরপর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। মর্গান রজার্সের দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্রাইটনের জালে বল পাঠান পর্তুগিজ উইঙ্গার। লিগে গত ডিসেম্বরের পর এটি ছিল নেতোর প্রথম গোল।

৩২ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোল করেন জোয়াও পেদ্রো। জোরেল হাটোর বাড়ানো বল নিয়ন্ত্রণ করে মাত্র ছয় গজ দূর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ব্রাইটনের সাবেক এই ফরোয়ার্ড। গোলের পর সাবেক ক্লাবের সমর্থকদের উদ্দেশে উদযাপন করেন তিনি।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাইটন। ৩৫ মিনিটে মার্তিনেজের প্রথম প্রচেষ্টা ঠেকানোর পর ফিরতি বলে দুর্দান্ত ভলিতে গোল করেন মালিক ইয়ালকুয়ে। এতে ব্যবধান কমে আসে ৩-১।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে আরও জমে ওঠে ম্যাচ। ৬৩ মিনিটে পাসকাল গ্রসের শট জোয়াও পেদ্রোর গায়ে লেগে দিক পরিবর্তন করে চেলসির গোলরক্ষক মার্তিনেজকে পরাস্ত করে। ফলে ৩-২ গোলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয় ব্রাইটনের।

তবে ৭৪ মিনিটে চেলসির হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন কোল পালমার। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-২ করেন ইংলিশ ফরোয়ার্ড।

যোগ করা সময়ে হেডে আরও একটি গোল করেন পাসকাল গ্রস। তবে সমতায় ফেরার মতো সময় আর পায়নি ব্রাইটন। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

জাবি আলোনসোর অধীনে চেলসির প্রথম তিন ম্যাচেই এটি তৃতীয় জয়। ফুলহাম ও লুটনের পর এবার ব্রাইটনকেও হারিয়েছে স্টামফোর্ড ব্রিজের দলটি। তিন ম্যাচে ৯ গোল করলেও রক্ষণভাগ নিয়ে এখনো চিন্তা রয়েছে চেলসির। কারণ প্রতিপক্ষের কাছে চারবার গোল হজম করেছে তারা।

আগামী ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মাঠে খেলবে চেলসি। গত মৌসুমে ১০ম স্থানে শেষ করা দলটিকে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব পাওয়া আলোনসোর জন্য ম্যাচটি হতে যাচ্ছে বড় পরীক্ষা।

এদিকে এনজো ফার্নান্দেজকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জনের মধ্যে টানা দ্বিতীয় ম্যাচে দলের বাইরে ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে আর্সেনালের বিপক্ষে তিনি একাদশে থাকবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page