প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে আইনি নোটিশ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে আইনি নোটিশ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা নিয়ে আইনি উদ্যোগ।

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠান।

আইনি নোটিশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশীয় নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্টিক উপাদানের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্ট নিয়মিত প্রদর্শনের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ ধরনের কনটেন্টের প্রভাবে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা ও পেশাগত লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে।

আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক বা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সামাজিক ও নৈতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, জাতীয় সংস্কৃতি, শালীনতা ও নৈতিকতা রক্ষার স্বার্থে মতপ্রকাশের স্বাধীনতার ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে দাবি করেন, শুধু প্রেমভিত্তিক গল্পের পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক গঠনমূলক নাটক ও চলচ্চিত্র নির্মাণে সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page