প্রাক্তন শুভশ্রীকে নিয়ে খোলা চিঠিতে যা লিখলেন দেব
শুভশ্রীকে নিয়ে নিজের অনুভূতি জানালেন দেব।
টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জনপ্রিয়তা, অভিনয় এবং সাধারণ মানুষের সঙ্গে তার মাটির কাছাকাছি থাকার বিষয়টি প্রশংসা করেছেন অভিনেতা দেব। আসন্ন সিনেমা ‘দেবশু-৭’ ঘিরে শুভশ্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা ও নির্মাতা।
পূজার সিনেমার তালিকায় আসতে যাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেবশু-৭’। দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা। একই সঙ্গে এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।
এর আগে নতুন ভূমিকায় দেবকে নিয়ে নিজের অনুভূতি জানিয়েছিলেন শুভশ্রী। এবার সিনেমার শুটিং শেষ হওয়ার পর শুভশ্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা লিখেছেন দেব।
দেব লিখেছেন, ‘দেবশু-৭’ সিনেমার অংশ হওয়ার জন্য শুভশ্রীকে ধন্যবাদ। প্রথমবার সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার সময় নানা অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছিল তাকে। এমন কঠিন সময়ে শুভশ্রী তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
দেব জানান, সিনেমার চিত্রনাট্য, নাম কিংবা শেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত না জেনেই শুভশ্রী ‘দেবশু-৭’-এ কাজ করতে সম্মতি জানিয়েছিলেন। তাই পুরো যাত্রায় তাকে পাশে পাওয়াটা বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তিনি।
অভিনেতা বলেন, দীর্ঘদিনের পরিচয়ের পরও এই সিনেমা তাকে নতুনভাবে উপলব্ধি করিয়েছে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও শুভশ্রীর পরিবর্তন ও পরিপক্বতা তাকে মুগ্ধ করেছে।
দেব আরও বলেন, পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে শুভশ্রী যেভাবে ভারসাম্য বজায় রেখেছেন, সেটি প্রশংসনীয়। একই সময় ক্যারিয়ার শুরু করা দুজনের আবার একসঙ্গে কাজ করার বিষয়টিকেও তিনি বিশেষ বলে উল্লেখ করেছেন।
পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতা প্রসঙ্গে দেব বলেন, এই যাত্রা তাকে শুধু সিনেমা নির্মাণের অভিজ্ঞতাই দেয়নি, বরং শুভশ্রীর মতো একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে, যা তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন, তার ওপর বিশ্বাস রাখা এবং ‘দেবশু-৭’-এর অংশ হওয়ার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।
দেব ও শুভশ্রী অভিনীত নতুন সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিন পর এই জুটিকে বড় পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
